সুমন আদক, হাওড়া : গঙ্গার ঘাটের পাশে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হল হাওড়ার রামকৃষ্ণপুরে। রামকৃষ্ণপুর স্বামীজি সেবা সংঘের উদ্যোগে গত কয়েক বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এ বছরও পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই, বালির বিধায়ক সঞ্জয় সিং, অঞ্জনী পুত্র সেনার ফাউন্ডার মেম্বার তথা রামকৃষ্ণপুর স্বামীজি দুর্গাপুজো কমিটির সম্পাদক সুরেন্দ্র বর্মা-সহ পুজো কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বছর পুজোর আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে তাঁদের সুবিধা ও নিরাপত্তার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খুঁটিপুজোর পর থেকেই মণ্ডপ, প্রতিমা ও অন্যান্য আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।



