Tuesday, November 17, 2026
spot_img

বিপ্লবীদের হাত ধরে সূচনা, ১৯৭ বছরের ধারাবাহিকতা! বাউড়িয়ার আদি জগদ্ধাত্রী পুজোয় ঐতিহ্যের পরম্পরা

সুমন আদক, হাওড়া: স্বাধীনতার স্বপ্নে বিভোর পরাধীন ভারতবর্ষ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন গোপনে সংগঠিত হচ্ছেন বিপ্লবীরা, সেই উত্তাল সময়েই শক্তির আরাধনায় শুরু হয়েছিল দেবী জগদ্ধাত্রীর পুজো। ইতিহাসের সেই স্মৃতি, লোককথা আর দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যকে সঙ্গী করেই আজও নিষ্ঠার সঙ্গে পুজো চালিয়ে যাচ্ছেন হাওড়ার বাউড়িয়ার বাসুদেবপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা। স্থানীয় মানুষের কাছে যা পরিচিত ‘আদি জগদ্ধাত্রী পুজো’ নামে। চলতি বছরে ১৯৭ বছরে পা দিল এই প্রাচীন পুজো। সময় বদলেছে, প্রজন্মের পর প্রজন্ম এসেছে, কিন্তু বদলায়নি মায়ের আরাধনাকে ঘিরে গ্রামের মানুষের আবেগ ও নিষ্ঠা। পুজো কমিটির প্রবীণ সদস্য নিরঞ্জন মাইতি জানান, প্রায় ১৯৭ বছর আগে এই অঞ্চলে বিপ্লবীদের আনাগোনা ছিল। তাঁদের হাত ধরেই শক্তির প্রতীক দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস। সেই ঐতিহ্যকেই বুকে আগলে আজও পুজোর আয়োজন করে চলেছেন এলাকার মানুষ। তাঁর কথায়, একসময় বাউড়িয়া ও আশপাশের এলাকায় জগদ্ধাত্রী পুজোর সংখ্যা ছিল হাতে গোনা। বর্তমানে পাঁচলা ও বাউড়িয়া মিলিয়ে ৫০টিরও বেশি পুজো হলেও পশ্চিমপাড়ার এই পুজোই এলাকার আদি পুজো হিসেবে বিশেষ পরিচিতি বহন করে আসছে। পুজো কমিটির সম্পাদক অরূপ চ্যাটার্জি জানান, নবমী তিথিতে শুরু হয় দেবীর আরাধনা। পুজোর অন্যতম আকর্ষণ প্রায় ২০০টি নারকেলের নাড়ু। আগে এখানে কোনও মন্দির ছিল না। পরবর্তীকালে গ্রামবাসীদের ভক্তি, শ্রদ্ধা ও মায়ের প্রতি অগাধ বিশ্বাস থেকেই গড়ে ওঠে মন্দির। পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনও থাকে। গ্রামের বাসিন্দা মমতা প্রামাণিক জানান, এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বরং গোটা গ্রামের মানুষের আবেগ ও মিলনক্ষেত্র। বিশেষ করে প্রায় ২০০টি নারকেলের নাড়ু তৈরিতে গ্রামের মহিলারা একসঙ্গে হাত লাগান। পুজোর কয়েক দিন আগে থেকেই শুরু হয়ে যায় তাঁদের ব্যস্ততা। একদিকে নাড়ু তৈরি, অন্যদিকে পুজোর অন্যান্য প্রস্তুতি—সবেতেই থাকে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। পুজোর শেষ দিনে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। এরপর দেবীকে বিদায় জানিয়ে ফের শুরু হয় আগামী বছরের অপেক্ষা। ইতিমধ্যেই ১৯৭তম বর্ষের পুজোকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মন্দিরে চলছে দেবীপ্রতিমায় শেষ ছোঁয়া, পাশাপাশি রাতদিন এক করে তৈরি হয়ে গিয়েছে পুজোর মণ্ডপ। বিপ্লবীদের হাত ধরে সূচিত হওয়া সেই আরাধনা আজও বহন করছে ইতিহাসের স্মারক, ঐতিহ্যের গর্ব আর গ্রামবাংলার সম্প্রীতির বার্তা। ১৯৭ বছরের সেই দীর্ঘ পথচলাকে উদযাপন করতেই আরও একবার উৎসবের অপেক্ষায় প্রহর গুনছেন বাউড়িয়ার বাসুদেবপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles