Tuesday, November 17, 2026
spot_img

প্রণামী বাক্সে QR কোড, ভক্তিতেও ডিজিটাল বিপ্লব! আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নজর কাড়ছে হাওড়ার জগদ্ধাত্রী পুজো

সুমন আদক, হাওড়া : সময়ের সঙ্গে বদলাচ্ছে জীবনযাত্রা, বদলাচ্ছে লেনদেনের অভ্যাসও। নগদ টাকার বদলে মোবাইলের এক ক্লিকেই এখন মিটছে কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন নানা লেনদেন। এবার সেই ডিজিটাল অভ্যাসের ছোঁয়া পৌঁছে গেল পুজো মণ্ডপেও। দেবীর চরণে প্রণামী দেওয়ার জন্য আর পকেটে নগদ টাকা রাখার প্রয়োজন নেই। মোবাইল ফোনে QR কোড স্ক্যান করলেই সরাসরি ডিজিটাল মাধ্যমে দেওয়া যাবে প্রণামী। আধুনিক প্রযুক্তিকে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে হাওড়ার জগাছার বিবেকানন্দ সংসদ ক্লাব। ৫৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় প্রণামী বাক্সের পাশেই রাখা হয়েছে QR কোড। ফলে নগদ টাকা না থাকলেও ভক্তদের প্রণামী দেওয়ার ইচ্ছায় আর বাধা থাকছে না। উদ্যোক্তাদের দাবি, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই উদ্যোগ। পুজো কমিটির সদস্যদের কথায়, অনেক দর্শনার্থীই দেবীর উদ্দেশ্যে প্রণামী দিতে চান। কিন্তু সঙ্গে নগদ টাকা না থাকায় অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্যার কথা ভেবেই প্রণামী বাক্সের পাশাপাশি QR কোডের ব্যবস্থা করা হয়েছে। এতে ভক্তরা নিজেদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী সহজেই ডিজিটাল মাধ্যমে প্রণামী দিতে পারবেন। উদ্যোক্তাদের এই উদ্যোগে খুশি দর্শনার্থীরাও। জনৈক দর্শনার্থীর কথায়, সঙ্গে নগদ টাকা না থাকলেও QR কোড স্ক্যান করে তিনি সহজেই দেবীর উদ্দেশ্যে প্রণামী দিতে পেরেছেন। ফলে একদিকে প্রাচীন ভক্তির রীতি, আর অন্যদিকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার—দুইয়ের সমন্বয়ে পুজোর প্রণামী বাক্সেও যেন ধরা পড়ছে সময়ের পরিবর্তনের ছবি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles