সুমন আদক, হাওড়া : মাছ ধরার অটোলে আটকা পড়া বিশালাকার কেউটে উদ্ধার, পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণরক্ষা। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমতা ১ নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের এক এলাকা থেকে একটি বিশাল আকৃতির পূর্ণবয়স্ক কেউটে সাপ সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অঞ্চলে জমিতে মাছ ধরার জন্য পাতায় (অটোল ) আকস্মিকভাবে সাপটি আটকে পড়ে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে তাঁরা বিষয়টি জানিয়ে যোগাযোগ করেন বিশিষ্ট সর্প বিশারদ ও বিষ গবেষক শুভেন্দু গাঙ্গুলির সাথে। খবর পাওয়া মাত্রই শুভেন্দু বাবু ডট ফাউন্ডেশনের অভিজ্ঞ বন্যপ্রাণী উদ্ধারকারী কুন্তল মুখার্জীকে বিষয়টি জানান। এরপর তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে সর্প বিশারদ শুভেন্দু গাঙ্গুলি জানান, বর্তমানে জলাশয় ও জমিতে মাছ ধরার জন্য ‘ঘুনি’ ও ‘অটোল’-এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এই ধরনের বিষধর সাপ ও অন্যান্য জলচর বন্যপ্রাণী প্রায়শই এতে আটকে পড়ছে। তিনি ও উদ্ধারকারী কুন্তল বাবু এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বা সাপটিকে আঘাত না করে যেন দ্রুত বনদপ্তর অথবা তাঁদের সংগঠনের সাথে যোগাযোগ করা হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এবং সহযোগিতায় পরবর্তীতে সাপটিকে নিরাপদে উপযুক্ত প্রাকৃতিক আবাসে মুক্ত করা হয়।



