সুমন আদক, হাওড়া: ধর্মীয় পর্যটনের প্রসার এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বেলুড় মঠ থেকে কামারপুকুর ও জয়রামবাটি পর্যন্ত নতুন সরকারি এসি ভলভো বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। বুধবার জগদ্ধাত্রী পুজোর পুণ্যলগ্নে বেলুড় মঠের প্রধান ফটক থেকে ACT-11 নম্বরের এই অত্যাধুনিক বাস পরিষেবার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং, রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী শুকদেবানন্দজি মহারাজ-সহ পরিবহণ দফতরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। বেলুড় মঠ থেকে ডানকুনি, চাঁপাডাঙা ও আরামবাগ হয়ে বাসটি পৌঁছবে কামারপুকুর ও জয়রামবাটিতে। বাসে থাকছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বায়ো-টয়লেট-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। দীর্ঘ পথের যাত্রায় যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। নতুন বাসের ন্যূনতম ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২৬২ টাকা। কামারপুকুর পর্যন্ত ভাড়া ধার্য হয়েছে ২৫০ টাকা। উদ্বোধনের পর পরিবহণমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং বেলুড় মঠের মহারাজদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই দ্রুত এই পরিষেবা চালু করা হয়েছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী আগে বেলুড় মঠে এসে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতেই এই উদ্যোগ। আগামী দিনে গোটা রাজ্যে আরও উন্নত সরকারি বাস পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এদিন বেলুড় মঠ থেকে যাতায়াতকারী মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন মন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এটি একটি বড় প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় রাতারাতি কার্যকর করা সম্ভব নয়। দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা চলছে। যাত্রীসংখ্যা ও চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি। পরিবহণমন্ত্রীর দাবি, রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় ৩০টি সরকারি ভলভো বাস আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রুটে সেই বাস চালানো হবে। পাশাপাশি অতীতে চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া সরকারি বাস পরিষেবা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া এই পরিষেবা বন্ধ হবে না। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী আগে পরিবহণমন্ত্রী থাকাকালীন একটি পরিষেবা চালু করেছিলেন, যা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। কিন্তু এবার চালু হওয়া পরিষেবা ধারাবাহিকভাবে চালানোর লক্ষ্য রয়েছে। জগদ্ধাত্রী পুজোর শুভদিনে পরিষেবা চালু করতে পেরে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, পুণ্যতিথিতে সাধারণ মানুষের সেবায় নতুন উদ্যোগ গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। অন্যদিকে, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে মহিলারা এই বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। দীর্ঘ যাত্রাপথে প্রয়োজন হলে যাত্রীরা বাসের বায়ো-টয়লেটও ব্যবহার করতে পারবেন। ধর্মীয় পর্যটন, তীর্থযাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে নতুন এই সরকারি ভলভো পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।



