সুমন আদক, হাওড়া: হাওড়ার আমতার গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় পালন করল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পূর্তি ও ১২৬তম জন্মদিবস।
১৯০১ সালের ৬ জুলাই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশের রাজনৈতিক ইতিহাসে ও পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টিতে তাঁর অবদান এতদিন আলোচনার বাইরেই ছিল। নতুন সরকার এসে তাঁর অবদানকে বেশি করে জনমানসে ছড়িয়ে দিতে স্কুলে স্কুলে তাঁর জন্মদিন ও তাঁকে স্মরণ করে একপক্ষ কাল ধরে বিশেষ শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে এদিন সকালে আমতার গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে অভিনব উপায়ে পালন করে এই বিশেষ দিনটি। সোমবার পদযাত্রার পর খুদে পড়ুয়ারা নিজ হাতে একটি বৃক্ষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রোপণ করে। গাছটির নামকরণও করা হয় তাঁর নামে। এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে এদিন আলোচনা ও ক্যুইজ পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইতিহাস গবেষক সায়ন দে। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পুষ্পার্ঘ্য নিবেদনে শ্রদ্ধা জানান তাঁর ছবিতে। ছোটরা বলে, তাঁর কথা। চতুর্থ শ্রেণীর দুই ছাত্র অর্ঘ্যদীপ মালিক ও শুভজিৎ খাঁ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এঁকে শ্রদ্ধা নিবেদন করে। সেটি প্রকাশও করা হয় এবং বিদ্যালয়ের দেওয়াল পত্রিকায় তা প্রদর্শিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস ও অবদান ছোটদের পাশাপাশি উপস্থিত অভিভাবক অভিভাবিকদের সামনে তুলে ধরা হয়।



