সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রবিবার রাতে ক্যানিংয়ের মেথর রোডে বাইক-লরি সংঘর্ষে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৌরভ দাস(১৬)। মৃত ছাত্র ক্যানিংয়ের নিউ ইন্টিগ্রেটেড গভঃ স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনাা করতো। মৃতের বাড়ি ক্যানিংয়ের পুরাতন চাঁদনি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই ছাত্র বাইক চালিয়ে লর্ড ক্যানিংয়ের বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে একটি লরি আসছিল। স্থানীয় নিউষ্টার ক্লাব সংলগ্ন এলাকায় বাইক-লরি সঘর্ষ হয়। রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্র। সুযোগ বুঝে লরিচালক লরি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্র কে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঘাতক চালক ও লরির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



