Thursday, April 23, 2026
spot_img

ভোট প্রচারে বিজেপি প্রার্থীকে বন্ধ থাকা ভীমগড় – পলাশস্থলী রেলপথ চালুর দাবি সাধারণ মানুষের

অভীক মিত্র, খয়রাশোল : রবিবার ২২ মার্চ পারশুন্ডি গ্রামপঞ্চায়েতের আড়ং গ্রামে নির্বাচনী প্রচারে গেলে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহাকে দুই দশক ধরে বন্ধ থাকা ভীমগড় – পলাশস্থলী রেলপথ পুনরায় চালু করার দাবি জানায় সাধারণ মানুষজন । সাধারণ মানুষজন বিজেপি প্রার্থীকে বলে, “এই রেলপথ চালু হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে । ব্যবসার উন্নতি হবে ।” পলাশস্থলী স্টেশন ঝাড়খন্ড রাজ্যের জামতাড়া জেলার অন্তর্গত । অন্ডাল-সাইথিয়া রেলপথের ভীমগড় স্টেশন থেকে রেললাইন আলাদা হয়ে হজরতপুর, রসোয়ান,বড়রাগ্রাম, লছমনপুর রোড স্টেশন হয়ে ট্রেন চলে যেতো পলাশস্থলী স্টেশন পর্যন্ত । ২৭ কিলোমিটার ছিল এই রেলপথ । সারাদিনে চারটি ট্রেন চলতো । ১৯৫৩ সালে চালু হয়েছিল এই রেলপথ । প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল এই রেলপথ । যাত্রী ট্রেন না চললেও হজরতপুর পর্যন্ত আজও মালগাড়ি চলে । বড়রা গ্রামের পরের এলাকায় পরিত্যক্ত খনি থেকে কয়লা তুলতে তুলতে এই রেললাইনের তলায় মাটি ফাঁকা হয়ে গিয়েছে । ২০০২ সালে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল কর্তৃপক্ষ । ঝাড়খন্ড সরকারও এই রেলপথ চালু করার দাবি জানিয়েছে কিন্তু লাইনের বিপজ্জনক অবস্থার কারণে তা সম্ভব হয়নি । ২০২৩ সালে বন্ধ থাকা এই রেলপথের রেললাইন চুরি করার অভিযোগে শেখ ইন্তাজ ও শেখ আলতাবকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জেরা করে কৈথির ঝোপজঙ্গল থেকে রেললাইনের ৩০টি টুকরো উদ্ধার করা হয় । ২০২২ সালের মার্চ মাসে
আসানসোল ডিভিশনের তৎকালীন ডিআরএম পারমানন্দ শর্মা ধানবাদের মুখ্য খনি উপদেষ্টা এবং আসানসোল বিভাগের অন্যান্য শাখা আধিকারিকদের সঙ্গে নিয়ে ভীমগড়-পলাশস্থলী রেলপথ পরিদর্শন করেছিলেন । ভীমগড়-পলাশস্থলী রেলপথ পুনরায় চালু করার দাবিতে একাধিকবার রেলমন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন এবারের নির্বাচনে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অনুপকুমার সাহা । পূর্ব রেলের এক আধিকারিক বলেন, “হজরতপুরের পর থেকে কয়লা তোলার জন্য রেললাইনের নীচের অংশ ফাঁকা হয়ে গিয়েছে সেফটির কারনে ট্রেন বন্ধ আছে । রেল দপ্তর চেষ্টা করছে ভবিষ্যতে ট্রেন চালু হতে পারে ।” ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর আসানসোলের একটি বেসরকারি লজে বিহার,ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের সাংসদদের নিয়ে পূর্ব রেলের করা বৈঠকে পূর্ব রেলের জিএম এবং আসানসোল ডিভিশনের ডিআরএমের উপস্থিতিতে দুমকা লোকসভাকেন্দ্রের সাংসদ নলিন সোরেন অন্ডাল- পলাশস্থলী রেলপথ পুনরায় চালু করার দাবি জানিয়েছিলেন । এবারের নির্বাচনে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা বলেন, “ঝাড়খন্ডের সঙ্গে বীরভূম তথা পশ্চিমবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ভীমগড়- পলাশস্থলী রেলপথ । ভারতীয় রেল যেভাবে নতুন নতুন রেললাইন নতুন ট্রেন চালু করছে ঠিক তেমনি এই রেলপথ পুনরায় চালু করার দাবি নিয়ে সাধারণ মানুষজনকে নিয়ে রেল মন্ত্রণালয়ের দ্বারস্থ হবো ।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles