সুমন আদক, হাওড়া: হাওড়ার আমতা ২ ব্লকের অন্তর্গত জাগলগোড়িতে রাতের অন্ধকারে এক বিপন্ন বেনেবৌ (হলদে গুড়গুড়ি) পাখিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন ডট ফাউন্ডেশনের বিশিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী কুন্তল মুখার্জি। রাতের নিস্তব্ধতায় একটি ভামবিড়ালের কবল থেকে পাখিটিকে উদ্ধার করে বর্তমানে তার চিকিৎসাব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি বাড়ি ফেরার পথে কুন্তলবাবু লক্ষ্য করেন, একটি ভামবিড়াল (Civet Cat) ওই পাখিটিকে শিকার করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কুন্তলবাবুর গাড়ির জোরালো আলো গিয়ে পড়ে সেখানে। আলোর আকস্মিক ঝলকানিতে ভামবিড়ালটি ভয় পেয়ে শিকার ফেলে রেখেই পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে এগিয়ে গিয়ে তিনি দেখতে পান আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে একটি বেনেবৌ পাখি। উদ্ধার করার পর পরীক্ষা করে দেখা যায় পাখিটির ঠোঁট এবং ডানার অংশে আঘাত লেগেছে। দেরি না করে কুন্তলবাবু সঙ্গে সঙ্গে পাখিটিকে নিজের হেফাজতে নেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তিনি ক্ষতস্থানগুলি সতর্কতার সঙ্গে পরিষ্কার করে প্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিসেপটিক প্রয়োগ করেন। এবিষয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী কুন্তল মুখার্জি জানান, “প্রাথমিক পরীক্ষার পর দেখা গেছে পাখিটির ডানায় কোনও গভীর চোট বা হাড় ভাঙার মতো বড় সমস্যা নেই। শুধুমাত্র চামড়ায় ও ঠোঁটে সামান্য আঘাত রয়েছে যা প্রাথমিক চিকিৎসাতেই পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এরপর সারারাত পাখিটির আচরণ নজরে রাখার পরে কুন্তল বাবু সিদ্ধান্ত নেন পাখিটি সম্পূর্ণ সুস্থ আছে। তাই পাখিটিকে ভোরের আলো ফোটার সাথে সাথে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন্যপ্রাণীদের এই ধরনের আকস্মিক বিপদের মুখে পড়ার ঘটনায় কুন্তলবাবুর এই দ্রুত পদক্ষেপ এবং সংবেদনশীলতা প্রশংসার যোগ্য বলে জানান পরিবেশ কর্মীরা। পাখিটিও নতুন জীবন ফিরে পেয়েছে।



