সুমন আদক, হাওড়া: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে স্কুল ছাত্রীকে কোপাল এক যুবক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ মহিয়ারী চাঁদনী বাজার এলাকায় ওই ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযুক্ত সমীর দাসকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা গণধোলাই দেয় বলে অভিযোগ। গুরুতর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দশম শ্রেণির ওই ছাত্রীর নাম রীতিকা সামন্ত। বাড়ি আন্দুলের মহিয়াড়ীতে। সে বলুহাটির গ্রাম্য হিতকরী গার্লস স্কুলে পড়তো। এদিন সন্ধ্যায় সাইকেলে বাড়ি ফিরছিল রীতিকা। অভিযোগ ঠিক তখনই মহিয়াড়ীর খটির বাজারের কাছে আচমকাই ছুরি হাতে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবক। তাকে এলোপাতাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ওই ছাত্রীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই নৃশংস খুন বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালের সুপার জানান, আপ্রাণ চেষ্টা করেও ছাত্রীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।



