সুমন আদক, হাওড়া: অপপ্রচার ও কুৎসা রটানো হলে এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিল শ্রমিক সংগঠন। সোমবার সন্ধ্যায় হাওড়ায় আয়োজিত এক কর্মী বৈঠক ও সাংবাদিক সম্মেলনে ওই হুঁশিয়ারি দেন BJMTUC (ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল) এর রাষ্ট্রীয় সভাপতি ডঃ মন্মথনাথ বিশ্বাস। তাঁর অভিযোগ,
সংগঠন পরিচালনা করতে গিয়ে হাওড়া জেলায় সম্প্রতি বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের সদস্যদের। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় হাওড়ার কদমতলার এক ব্যাঙ্কোয়েটে সদস্যদের নিয়ে এক বৈঠক করেন তিনি। পাশাপাশি এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিক বৈঠকে বিভিন্ন নথি তুলে ধরে তিনি দাবি করেন, তাঁদের এই শ্রমিক সংঘটন ‘সরকার দ্বারা স্বীকৃত’। পাশাপাশি তিনি এদিন স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে তাঁদের সংগঠনের সদস্যদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অভিযোগ বা তোলাবাজির মতো কুৎসা রটানো হয় তাহলে তাঁরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এদিনের কর্মসূচিতে সংগঠনের হাওড়া জেলার সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



