নির্ধারিত সময়ের পরও জাতীয় সড়কের পাশে হাট চলাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল হাওড়ার অঙ্কুরহাটিতে। হাট বন্ধ করতে গেলে ব্যবসায়ীদের একাংশের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
প্রশাসনের দাবি, ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে হাট বসায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা ও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুক্রবার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাট চলায় পুলিশ তা বন্ধ করতে যায়। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসায়ীদের দাবি, দুর্গাপুজোর আগে এ সময় তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাট বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে পুলিশের বক্তব্য, প্রশাসনের নির্দেশ কার্যকর করতেই অভিযান চালানো হয়েছিল। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে মামলা রুজু করা হয়েছে। এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।



