সুমন আদক, হাওড়া: ১৭১ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক পরিকাঠামোর বিকাশের বার্তা দিল হাওড়ার শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST)। মঙ্গলবার প্রতিষ্ঠানের ১৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হয়। দিনের অন্যতম আকর্ষণ ছিল আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, নতুন অ্যাকাডেমিক অ্যানেক্স ভবনের উদ্বোধন এবং মাল্টি-স্পোর্টস কোর্ট চালু করা। দুপুর ১২টায় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (BSI) এবং আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে IIEST-এর মউ স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে আগামী দু’বছরের মধ্যে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে থাকা বিভিন্ন গাছ ও উদ্ভিদের বৈজ্ঞানিক পরিচিতি নির্ধারণ, ট্যাগিং এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সবুজ পরিবেশকে সংরক্ষণের পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে প্রকৃতি ও উদ্ভিদ সম্পর্কে বাস্তব জ্ঞান পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে সাইকেল পরীক্ষার পরিকাঠামো গড়ে তুলতে এমএসএমই টেস্টিং সেন্টার, ভারত সরকার এবং ইউনিরক্স বাইকস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সাইকেলের বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা, গবেষণা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দুপুর ২টায় উদ্বোধন হয় নতুন অ্যাকাডেমিক অ্যানেক্স ভবনের। পাঁচতলা এই ভবন নির্মাণে প্রায় ২৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এই ভবনে রয়েছে একাধিক শ্রেণিকক্ষ, গবেষণাগার, অডিটোরিয়াম, সেমিনার হল ও শিক্ষক-গবেষকদের জন্য পরিকাঠামো। বিকেল আড়াইটে থেকে ইনস্টিটিউট হল-এ শুরু হয় প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নরস এর চেয়ারপার্সন তেজস্বিনী আনন্তকুমার, ডিরেক্টর অধ্যাপক ভি এম এস আর মূর্তি, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং প্রাক্তন রাষ্ট্রদূত ও অধ্যাপক ড. জিতেন্দ্র নাথ মিশ্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘Indian Diplomacy in the First Millennium’ শীর্ষক বিশেষ বক্তব্যের পাশাপাশি প্রতিষ্ঠানের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে উপস্থাপনা, কর্মীদের সম্মাননা, সার্ভিস মাইলস্টোন অ্যাওয়ার্ড এবং ‘IIEST, Shibpur – A Journey of 170 Years’ শীর্ষক স্মারক বই প্রকাশের আয়োজন ছিল। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে উলফেনডেন হলের কাছে উদ্বোধন করা হয় নতুন মাল্টি-স্পোর্টস সিন্থেটিক কোর্ট। এই ক্রীড়া পরিকাঠামোয় দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি পিকলবল কোর্ট এবং একটি টেনিস কোর্ট রয়েছে। সন্ধ্যা ও রাতেও খেলাধুলার সুবিধার জন্য বিশেষ আলোর ব্যবস্থাও করা হয়েছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংবাদিক বৈঠকে IIEST শিবপুরের ডিরেক্টর অধ্যাপক ভি এম এস আর মূর্তি বলেন, পরিবেশের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ক্যাম্পাসের গাছগুলিকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিতকরণ ও তথ্যভিত্তিক নথিভুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, ক্যাম্পাসে প্রায় তিন হাজার গাছ রয়েছে। ভবিষ্যতে গাছগুলির পরিচিতি ও তথ্য কিউআর কোডের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। এই কাজে আইটি, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। তাঁর কথায়, ক্যাম্পাসকে শুধু শিক্ষার জায়গা নয়, প্রকৃতিকে জানার ও শেখার একটি বাস্তব ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাইছে প্রতিষ্ঠান। পাশাপাশি এমএসএমই টেস্টিং সেন্টারের সহযোগিতায় সাইকেল পরীক্ষার পরিকাঠামো অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সংযোগ আরও মজবুত করবে। ছাত্রছাত্রীরা স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস-এর মতো তাত্ত্বিক বিষয় বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে। ভবিষ্যতে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ই-সাইকেল, ইভি, ব্যাটারি স্টোরেজ, গ্রিন এনার্জি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে গবেষণার ক্ষেত্রও প্রসারিত হতে পারে। শিল্প সংস্থার সঙ্গে যৌথ পরীক্ষা, গবেষণা ও সার্টিফিকেশনের ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি। অধ্যাপক মূর্তির মতে, প্রতিষ্ঠানের ১৭১তম প্রতিষ্ঠা দিবসে সাইকেল পরীক্ষার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠানটির ইতিহাস এবং সাইকেলের আবির্ভাবের সময়কাল প্রায় সমসাময়িক হওয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের একটি প্রতীকী দিকও রয়েছে এই উদ্যোগে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাইকেল ব্যবহারের আগ্রহ বাড়িয়ে পরিবেশবান্ধব পরিবহণের ভাবনাকে উৎসাহিত করাও প্রতিষ্ঠানের লক্ষ্য।



