সোমবার সন্ধ্যায় হাওড়ার ধূলাগোড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এদিন সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ১১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুরমুখী লেনে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কাছে গাড়িটিতে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে গাড়িটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এদিকে, এই ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।



