পূর্ব রেল তার এক্তিয়ারভুক্ত এলাকায় রেললাইন পারাপারের সমস্ত লেভেল ক্রসিং গেট (ম্যানড লেভেল ক্রসিং) সম্পূর্ণ বিলুপ্ত করার লক্ষ্য নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। পরিবহন পরিকাঠামো শক্তিশালীকরণ এবং জননিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্করের নির্দেশনায় শঙ্করপুর রোড ওভার ব্রিজ (ROB) নির্মাণ করা হয়েছে।
আজ ঝাড়খণ্ডের দেওঘর জেলার শঙ্করপুর ২৭/সি নম্বর লেভেল ক্রসিং গেটের পরিবর্তে নবনির্মিত এই রোড ওভার ব্রিজের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ড. নিশিকান্ত দুবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওঘরের মাননীয় বিধায়ক শ্রী সুরেশ পাসোয়ান, আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী সংগ্রহ মৌর্য সহ রেলের অন্যান্য পদস্থ আধিকারিকবৃন্দ।
জনসাধারণের সুবিধা, নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল এবং এই অঞ্চলে সড়ক নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে নবনির্মিত এই আরওবি-টি (ROB) চালু করা হয়েছে। এই রোড ওভার ব্রিজটি চালু হওয়ার ফলে বর্তমান ২৭/সি নম্বর লেভেল ক্রসিং গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, যা রেল ও সড়ক উভয় ধরনের যাতায়াতকেই আরও নির্বিঘ্ন ও নিরাপদ করে তুলবে।
প্রকল্পটি ২০১২-১৩ অর্থবর্ষে ঝাড়খণ্ড সরকার এবং রেলওয়ের যৌথ খরচে (কস্ট-শেয়ারিং বেসিস) মোট ৩৭.৫৫ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত হয়েছিল। পূর্বতন ২৭/সি নম্বর লেভেল ক্রসিং গেটটি ব্যস্ত সৎসঙ্গনগর-ভির্খীবাদ রোডের (MDR-219) রেলওয়ে কিলোমিটার ৩১৬/৩৩–৩১৭/০১-এর মধ্যে অবস্থিত ছিল। অত্যাধিক যানবাহন চলাচল, ঘন ঘন যানজট এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ঝাড়খণ্ড সরকারের সাথে সমন্বয় রেখে রেলওয়ে এই রোড ওভার ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত নেয়।
শঙ্করপুর আরওবি-টি মূলত শঙ্করপুর-জসিডি করিডোরকে সংযুক্ত করেছে, যা এই এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এবং দৈনিক যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও নিরাপদ ও দ্রুত যাতায়াতের সুবিধা প্রদান করবে। এই ব্রিজের মোট দৈর্ঘ্য ৮০৮ মিটার এবং মূল রাস্তার (ক্যারিজওয়ে) প্রস্থ ৭.৫ মিটার, যা উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল নিশ্চিত করবে।
এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় সংসদ সদস্য ড. নিশিকান্ত দুবে বলেন, ব্যস্ত রেল ক্রসিংগুলোতে গ্রেড সেপারেশনের (উড়ালপুল) মাধ্যমে গাড়ি চলাচলের ব্যবস্থা করায় এই নবনির্মিত আরওবি-টি সাধারণ মানুষের দারুণ উপকারে আসবে। তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে, এই পরিকাঠামোটি জননিরাপত্তা বাড়াবে, যানজট ও যাতায়াতের সময় কমাবে এবং মানুষ ও পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করে স্থানীয় অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, আধুনিক নগর পরিকল্পনা ও পরিবহন ব্যবস্থায় রোড ওভার ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি দূর করে, গেটম্যানদের ম্যানুয়াল অপারেশন ছাড়াই নিরবচ্ছিন্ন ট্রাফিক প্রবাহ বজায় রাখে, ট্রেন পারাপারের কারণে হওয়া বিলম্ব কমায় এবং অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশের মতো জরুরি পরিষেবাগুলোর দ্রুত যাতায়াতে সাহায্য করে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি জানান, এই নতুন আরওবি-র উদ্বোধন পরিকাঠামোর আধুনিকীকরণ, যাত্রী ও জনসাধারণের সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ ও দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পূর্ব রেলের নিরন্তর প্রচেষ্টার আরেকটি বড় মাইলফলক, যা রেলের ‘জিরো ম্যানড লেভেল ক্রসিং’ (শূণ্য লেভেল ক্রসিং) লক্ষ্যের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ।



