দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: রাস উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে মেতে উঠল ঐতিহাসিক শহর দাঁইহাট।আগামীকাল বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন রয়েছে।দু’দিনের ঐতিহ্যবাহী এই রাস উৎসবের আনন্দ উপভোগ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ইতিমধ্যেই দাঁইহাট শহরে ভিড় জমিয়েছেন।পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী ভাগীরথী নদী তীরবর্তী প্রাচীন শহর দাঁইহাটের রাস উৎসব সুপ্রাচীন।কুচবিহার, নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপ শহরের রাস উৎসব জগদ্বিখ্যাত।তবে, সময়ের সঙ্গে পাল্লা দিয়েই দাঁইহাট শহরের রাস উৎসবের খ্যাতিও রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে।বহু বছর আগে গঙ্গা নদীর ডান তীরবর্তী প্রাচীন এই জনপদে রাস উৎসবের সূচনা হয়েছিল।এখানে প্রাচীনকাল থেকেই শাক্ত ও বৈষ্ণব মতাবলম্বীদের সহাবস্থান রয়েছে।যেকারণে শক্তির আরাধনার পাশাপাশি বৈষ্ণব মতপ্রকাশের রীতিও সর্বত্র চোখে পড়ে।ধর্মীয় উৎসব উদযাপনেও এসবের প্রভাব দেখা যায়।এমনকি, রাস উৎসবেও যার ব্যতিক্রম ঘটেনি।দাঁইহাটের ঐতিহ্যবাহী রাস উৎসবে রাধাকৃষ্ণ ছাড়াও কালী, শিব, গণেশ, জগদ্ধাত্রী, কার্তিক, লক্ষ্মী, নারায়ণ প্রভৃতি দেবদেবীর মূর্তি সাড়ম্বরে পুজো করেন উদ্যোক্তারা।পুজোর পরদিন জাঁকজমক সহকারে শোভাযাত্রার আয়োজন করা হয়।এবারও যার অন্যথা হয়নি।শহরজুড়ে নজরকাড়া মণ্ডপসজ্জার পাশাপাশি চোখধাঁধানো আলোর রোশনাই, থিমের চমক সবমিলিয়ে এবারও জমজমাট দাঁইহাট শহরের রাস উৎসব।শহরের ভাউসিংয়ে ‘রাইরাজা’ পুজো কমিটির ব্যবস্থাপনায় মেকানিক্যাল প্যাণ্ডেল দর্শনার্থীদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে।এর পাশাপাশি স্কুল রোডে সাহাপাড়ায় তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ।গঙ্গারাস্তা মোড়ে নটরাজ পুজো কমিটির অসাধারণ মণ্ডপে গৌতম-বুদ্ধের ছোঁয়া নজর কেড়ে নেয়।এসবের পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী শবশিবা, বড়োকালী, গণেশজননী দেবদেবীর পুজোও রাস উৎসবে অনন্য মাত্রা যোগ করে।তবে, রাস উৎসবকে ঘিরে আয়োজিত সান্ধ্য শোভাযাত্রার আকর্ষণটাই আলাদা।যার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন লক্ষাধিক দর্শনার্থী।এদিন পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় শামিল হয়।বিভিন্ন প্রদেশের বাদ্যবাজনা, বাহারি আলোকসজ্জা, হরেকপ্রকার থিম প্রভৃতি সহকারে আয়োজিত শোভাযাত্রা শহরের নির্দিষ্ট রুট ধরে রাতভর এগিয়ে চলে।রাস উৎসবকে সর্বাত্মক রূপ দিতে গঠন করা হয়েছে ‘দাঁইহাট রাস উৎসব কেন্দ্রীয় কমিটি’।ঐতিহ্যবাহী এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



