সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরেই একের পর এক অভিযোগ উঠছিল। হাসপাতালের খাবার মুখে দেওয়া যায় না, চারদিকে অপরিষ্কার পরিবেশ, চিকিৎসা পরিষেবায় চরম অব্যবস্থা,রোগীদের শৌচালয় নেই,নেই পানীয় জলের ব্যবস্থা — এমনই অভিযোগ করছিলেন রোগী ও তাঁদের পরিজনেরা।
সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এবার আর দেরি করলেন না প্রশাসন। কোনো আগাম খবর ছাড়াই আচমকা সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে হানা দিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক মালিয়ে শ্রী প্রণব।
বৃহষ্পতিবার হাসপাতালে পৌঁছেই সোজা চলে যান রোগীদের ওয়ার্ড ও রান্নাঘরে। রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান খতিয়ে দেখতে তিনি নিজেই রান্নার কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভাত দিন। খেয়ে দেখব।”
এরপর রোগীদের জন্য তৈরি ভাত ও অন্যান্য খাবার চেয়ে নিয়ে নিজেই খেয়ে পরখ করে দেখেন মহকুমা শাসক। খাবারের গুণগত মান ঠিক রয়েছে কি না, রান্না ঠিকঠাক হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করেন তিনি।
শুধু খাবারই নয়, হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও পরিবেশও ঘুরে দেখেন তিনি। ওয়ার্ডে রোগীরা কেমন আছেন, তাঁদের কোনো সমস্যা হচ্ছে কি না, সরাসরি রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।
ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শনের পর মহকুমা শাসক সরাসরি চলে যান হাসপাতাল চত্বরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। সেখানে গিয়ে তিনি ওষুধের মজুত বা স্টক খতিয়ে দেখেন। সাধারণ রোগীরা ন্যায্য মূল্যে সঠিক ওষুধ এবং প্রয়োজনীয় পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না, তা দোকানের কর্মী ও উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন।
মহকুমা শাসকের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কর্মী — সকলেই কিছুটা হকচকিয়ে যান।
তবে প্রশাসনের এই তৎপরতায় খুশি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিজনেরা। তাঁদের বক্তব্য, এভাবে হঠাৎ করে প্রশাসন এলে হাসপাতালের পরিষেবার মান অনেকটাই ভালো হবে।
এই পরিদর্শনের পর হাসপাতালের খাবারের মান, পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই মনে করছেন হাসপাতালের সঙ্গে যুক্তরা।



