সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ২০২৬-এর হাইভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন।
একদিকে যখন রাজনৈতিক দলগুলি ও প্রার্থীরা ভোটপ্রচারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ-প্রশাসন। সোমবার সকাল থেকেই গঙ্গাসাগরের হরিণবাড়ি এলাকায় সাগর ব্লক প্রশাসন ও সাগর থানার উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক নাকা চেকিং।
সাগর ব্লকের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।বাইরে থেকে আসা প্রতিটি যানবাহন ও যাত্রীদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করার পাশাপাশি ভোটারদের মনে আস্থা জোগাতে চলছে রুট মার্চ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী মরসুমে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে এবং অবৈধ লেনদেন বা অস্ত্রশস্ত্রের আনাগোনা বন্ধ করতেই এই আগাম সতর্কতা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য।



