সুমন আদক, হাওড়া: হাওড়ার আমতার ফতেপুর এলাকা থেকে উদ্ধার হল একটি আহত গ্রীন পিজিয়ন বা হরিয়াল। জানা গেছে, শিকারি পাখির আক্রমণে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। ঘটনাটি নজরে আসে পরিবেশপ্রেমী সুরজিৎ মাইতির। তিনি বিষয়টি জানান পরিবেশ সংগঠন ‘গ্রীন চেন মুভমেন্ট’-এর পরিচালক প্রদীপ রঞ্জন রীতকে। খবর পেয়ে প্রদীপবাবু আহত হরিয়ালটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। পাখিটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। এরপর শুরু হয় প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা। প্রায় চার-পাঁচ দিনের যত্নে পাখিটি অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবং বেশিদূর উড়তে না পারায় শেষপর্যন্ত যথাযথ চিকিৎসা ও পরিচর্যার জন্য পাখিটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তরের হাতে তুলে দেওয়ার আগে এলাকার শিশুদের পাখিটিকে দেখিয়ে তার পরিচয় ও পরিবেশে পাখির গুরুত্ব সম্পর্কেও বোঝান তিনি। প্রদীপ বাবু বলেন, “এই পাখি মহারাষ্ট্রের রাজ্য পাখি। আমাদের রাজ্যেও মাঝে মধ্যে হরিয়ালের দেখা মেলে। এরা মূলত ফল, বীজ ইত্যাদি খায়। হরিয়াল-সহ সমস্ত পাখির অস্তিত্ব রক্ষার জন্য বনজঙ্গল ও সবুজায়ন বাড়ানো অত্যন্ত জরুরি।”



