নিজস্ব প্রতিনিধি : এক আইনজীবীর বাড়িতেই চোরের আইন অমান্য করে ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক সাফাই অভিযান । সিউড়ি বড়বাগান এলাকায় উৎসবের আবহে তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আইনজীবী সুব্রত রায় প্রতিবছরের মতো এবারও পুজোর পঞ্চমীতে সপরিবারে আদিবাড়ি কড়িধ্যায় গিয়েছিল । ২৬ অক্টোবর সোমবার সকালে তাঁর জুনিয়ররা বড়বাগানের অফিস খুলতে গিয়ে দেখে গোটা বাড়ি কার্যত তছনছ হয়ে পড়ে রয়েছে । বাড়ির সামনের দরজা অক্ষত থাকলেও পিছনের দোতলার জানলার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে । নগদ প্রায় তিন লক্ষ টাকা,দেড়-দু’ভরি সোনার গয়না,দামি ঘড়ি ও কাঁসার বাসন সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা । প্রমাণ লোপাট করতে সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে পালিয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।



