Friday, March 6, 2026
spot_img

SIR হেয়ারিং নোটিশ নিয়ে চাঞ্চল্য: নোটিস গলায় ঝুলিয়ে গণইস্তফা BLO দের রামপুরহাট–২ ও বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে একযোগে বিক্ষোভ

বিশাল দাস :বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন ব্লকের অধীনে থাকা বুথ লেভেল অফিসাররা (BLO) সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে SIR হেয়ারিং সংক্রান্ত নোটিশ বিলি করছিলেন। কিন্তু এবার সেই ঘটনাতেই এক অন্য মাত্রা যোগ হলো। খোদ সেই BLO রাই এবার SIR হেয়ারিং-এর নোটিশ পাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলাজুড়ে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লক এলাকায়। জানা গিয়েছে, ওই ব্লকের একাধিক BLO সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে SIR হেয়ারিং-এর নোটিশ পান। এই নোটিশ পাওয়ার পর থেকেই প্রশাসনিক মহলে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা।
এই নোটিশের প্রতিবাদে সোমবার রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসের সামনে জড়ো হন সংশ্লিষ্ট BLO রা। গলায় SIR হেয়ারিং-এর নোটিশ ঝুলিয়ে তাঁরা প্রতীকী প্রতিবাদে সামিল হন এবং ব্লক অফিস চত্বরে বিক্ষোভ দেখান। এরপর একযোগে গণইস্তফা প্রদান করেন তাঁরা।
BLO দের অভিযোগ, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তাঁদের উপর কাজের চাপ বাড়ানো হয়েছে। অযৌক্তিক ও অসংখ্য নোটিশ বিলির নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এর পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তাঁরা।
একই দিনে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসেও একই ধরনের ছবি ধরা পড়ে। সেখানে BLO রা কাজ থেকে অব্যাহতি চেয়ে বিডিও-র কাছে একটি ভিডিও স্মারকলিপি জমা দেন। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। যে BLO রা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে SIR হেয়ারিং-এর নোটিশ দিচ্ছেন, নির্বাচন কমিশন যদি সেই BLO দেরই হেয়ারিং-এর নোটিশ পাঠায়, তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
স্থানীয়দের একাংশের মতে, এতে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের দাবি—এই ঘটনা প্রশাসনিক অব্যবস্থারই প্রতিফলন।
BLO দের হেয়ারিং নোটিশ পাওয়া এবং তার জেরে গণইস্তফার ঘটনায় রামপুরহাট ২ নম্বর ব্লক সহ গোটা বীরভূম জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles