Tuesday, June 2, 2026
spot_img

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোলপুরে র‍্যাপিডো চালকদের দু’দিনের ধর্মঘট

বিশাল দাস, বীরভূম, বোলপুর : পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং ভাড়ার কাঠামো সংশোধনের দাবিতে দু’দিনের ধর্মঘটের ডাক দিলেন বোলপুরের র‍্যাপিডো চালকরা। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের জেরে শহরের বিভিন্ন এলাকায় র‍্যাপিডো পরিষেবা কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।
ধর্মঘটী চালকদের অভিযোগ, গত কয়েক মাসে একাধিকবার পেট্রোলের দাম বেড়েছে। কিন্তু সেই অনুপাতে যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়নি। ফলে প্রতিদিনের আয় থেকে জ্বালানি খরচ, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য ব্যয় মেটানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাঁদের দাবি, বর্তমান পরিস্থিতিতে এই ভাড়ার কাঠামো চালকদের জন্য আর লাভজনক নয়।

চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ কিলোমিটারের মধ্যে যাত্রাভাড়ায় কমপক্ষে ৫ টাকা এবং ৩ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১০ টাকা ভাড়া বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সংস্থার তরফে পর্যাপ্ত ইনসেনটিভ, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা চালুর দাবিও তুলেছেন তাঁরা।
এক ধর্মঘটী চালক বলেন, “পেট্রোলের দাম প্রতিনিয়ত বাড়ছে, অথচ আমাদের আয় একই জায়গায় আটকে রয়েছে। বর্তমান ভাড়ায় গাড়ি চালিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে।”
র‍্যাপিডো চালকদের এই আন্দোলনের প্রভাব পড়েছে বোলপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে। বিশেষ করে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং জরুরি কাজে যাতায়াতকারী মানুষেরা বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। অনেক যাত্রীই পরিষেবা না পেয়ে দুর্ভোগের মুখে পড়েছেন বলে জানা গেছে।
চালকদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দ্রুত তাঁদের দাবি মেনে নিয়ে ভাড়ার কাঠামো পুনর্বিবেচনা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এমনকি প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এই পরিস্থিতিতে র‍্যাপিডো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চালকদের আন্দোলন ও পরিষেবা বন্ধের জেরে বোলপুরের পরিবহণ ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles