Friday, April 24, 2026
spot_img

শুধুমাত্র ‘নৈতিক জয়ের’ লক্ষ্যে ৫ম বারের জন্য প্রার্থী কাটোয়ার অপূর্ব চক্রবর্তী

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: অপূর্ব চক্রবর্তী। এই নামেই কাটোয়ার সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সকলেই তাঁকে একডাকে চেনেন। শিক্ষিত, মিষ্টভাষী, সুবক্তা এককথায় নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় তার সবটুকু গুণের অধিকারী এই অপূর্ব চক্রবর্তীর রাজনৈতিক ময়দানেও একটা পরিচয় আছে। আপাদমস্তক বাম মনোভাবাপন্ন বর্ষীয়ান এই মানুষটি দীর্ঘদিন ধরে এ এসইউসিআই পার্টির সর্বক্ষণের কর্মী। সেই সুবাদে ২০০৬ সাল থেকে ২০২১ পর্যন্ত টানা চারবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সবসময় জামানত খুইয়েছেন। প্রত্যেবারই কাটোয়ার ‘হেভিওয়েট’ প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে বারংবার পরাজিত হলেও তিনি দমে যান না। তাই এবারও এসইউসিআই কাটোয়া কেন্দ্রে অপূর্ব চক্রবর্তীকে ৫ম বারের জন্য বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছে। শুক্রবার সকালে অপূর্ববাবু তাঁর কাটোয়ার বাড়িতে বসে জানালেন, সাধারণ মানুষের নানাবিধ অধিকারের জন্য লড়াই সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সারাটা বছর রাস্তায় থাকে একমাত্র এসইউসিআই পার্টির কর্মীরা। নির্বাচনে হারজিৎ যাই হোক না কেন, তারপরেও এসইউসিআই কর্মীদেরই রাস্তায় নেমে আন্দোলনে দেখা যায়। অপূর্ববাবু আরও বলেন, আমরা নীতির লড়াই, আদর্শের লড়াই নিয়ে চলি। তাই নির্বাচনে গতানুগতিক হারজিৎ নিয়ে আমরা ভাবিত নই। সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য যেকোনও নির্বাচন একটা প্ল্যাটফরম বলে মনে করি। নির্বাচনী বক্তব্যের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয়। মানুষ আমাদের ভোট না দিলেও আমাদের কথা শোনেন। সেখানেই আমরা জয়ী। এটাই আমাদের নৈতিক জয়। এই নৈতিক জয়ের লক্ষ্যে এবারও আমরা বিধানসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সকলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছি। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles