সুমন আদক, হাওড়া: রামনবমী উপলক্ষে শনিবার দুপুরে হাওড়া খটিক সমাজের পক্ষ থেকে পরম্পরা মেনেই ‘অস্ত্র’ মিছিল করা হয় হাওড়ায়। বিগত প্রায় কয়েক দশক ধরে এই পরম্পরা হয়ে আসছে। উদ্যোক্তারা জানান, পরম্পরা মেনেই এই অনুষ্ঠান চলে আসছে। এটাই তাঁদের বহু দশক ধরে পালন করে আসা ধর্মীয় রীতি। এদিন এই অনুষ্ঠানে দেখা যায় সম্প্রীতির ছবি। মুসলিম সম্প্রদায়ের মানুষজন মিষ্টিমুখ করিয়ে ঠান্ডা পানীয় জল হাতে তুলে দিয়ে সকলকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় পরম্পরা মেনেই এই শোভাযাত্রায় অস্ত্র (শস্ত্র) নিয়ে মিছিল হয়। উদ্যোক্তারা বলেন, এখানে আদালতের আদেশ অমান্য করার কোনও বিষয় নেই। কারণ আমরা বহু বছর ধরে এই ‘শস্ত্র’ নিয়ে পরম্পরা মেনে মিছিলের আয়োজন করে আসছি। হিন্দু-মুসলিম সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঐক্যের সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় আমাদের শোভাযাত্রায়। এদিন ‘অস্ত্র’ পুজোর পর হাওড়া স্টেশন সংলগ্ন গোলমোহর ময়দানের সামনে থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়। সালকিয়া, পিলখানা হয়ে বিস্তীর্ণ এলাকা ঘুরে এই মিছিল সম্পন্ন হয়। মাঝপথে মুসলিম সম্প্রদায়ের লোকেরাপানীয় জল, শরবত এবং মিষ্টি দিয়ে তাঁদের স্বাগত জানান। শুধু তাই নয় এর পাশাপাশি রামনবমীর
মিছিলে আসা উদ্যোক্তাদের মালা পরিয়ে তাঁদের শুভেচ্ছা জানান মুসলিম সম্প্রদায়ের মহিলারা। তাঁরা জানান, ধর্ম যার যার উৎসব সবার। ঈদ এবং মহরমে যেমন আমাদের হিন্দুরা স্বাগত জানান ঠিক একইভাবে পারম্পরিক রামনবমীর এই অস্ত্র মিছিলকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ভারতীয়। আমাদের কাছে ধর্ম যাই হোক আমাদের মৈত্রী এবং ভাইবোনের সম্পর্ক অটুট থাকবে এমনটাই জানান তাঁরা। এলাকার প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরী বলেন, গৌতম চৌধুরী বলেন, ‘হাওড়া খটিক সমাজের এই শোভাযাত্রা আজকের নয়। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসাথে এতে সামিল হই।’



