সৌরভ নস্কর গঙ্গাসাগর: মেলা শেষ হলেও স্বস্তি নেই গঙ্গাসাগরে। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রণক্ষেত্রের চেহারা নিল সাগরদ্বীপের ৫ নম্বর স্নানঘাট এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।মঙ্গলবার দুপুর ১টা নাগাদ হঠাৎই আগুন লাগে ৫ নম্বর স্নানঘাটের পাশের অস্থায়ী ছাউনিগুলোতে। গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষ্যে এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল। বর্তমানে মেলা শেষ হওয়ায় ছাউনিগুলো খোলার কাজ চলছিল। ঠিক সেই সময়ই এই বিপর্যয় ঘটে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক অস্থায়ী ঘর পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৩০ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। মেলা শেষ হয়ে যাওয়ায় ওই ঘরগুলোতে কেউ ছিলেন না, ফলে বড় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। তবে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।আগুনের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ।



