Friday, March 6, 2026
spot_img

মাধ্যমিকের প্রথম দিনেই বিপত্তি: সাগরে টোটো উল্টে আহত ৮ পরীক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর বসলেন পরীক্ষায়

​সৌরভ নস্কর, গঙ্গাসাগর : মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আট পরীক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটো উল্টে গিয়ে আহত হল তারা। ঘটনাটি ঘটেছে সাগরের বিষ্ণুপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি টোটোতে চেপে আট জন পরীক্ষার্থী তাদের পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল। তাদের পরীক্ষার সিট পড়েছিল সাগরের নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে। বিষ্ণুপুর এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগ বা ব্রেক ফেল হওয়ার কারণেই এই বিপত্তি। দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তড়িঘড়ি আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করেন। টোটোতে থাকা আটজন পরীক্ষার্থীই কমবেশি চোট পায়। সময় নষ্ট না করে তাদের দ্রুত স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, আঘাত থাকলেও ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে সক্ষম। অ্যাডমিট কার্ড আর কলম হাতে জীবনের বড় পরীক্ষায় বসার অদম্য জেদ ছিল তাদের চোখেমুখে। প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রছাত্রীরা সরাসরি নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়। স্কুল কর্তৃপক্ষ এবং পরিদর্শকদের সহযোগিতায় তারা শেষ পর্যন্ত নির্বিঘ্নেই পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে অভিভাবকদের পাশাপাশি দুশ্চিন্তায় থাকা শিক্ষকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles