পার্থ কুশারী, ভাঙড়: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ভাঙড়ের ভোজেরহাট ও তারদা এলাকার প্রধান সড়ক মেরামতের দাবিতে আজ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকাবাসী বারবার প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানালেও সুরাহার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশাল গর্তে ভরা এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি চরমে উঠতেই আজ সকালে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তারদা এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন শতাধিক স্থানীয় বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে পুলিশের চারপাশ ঘিরে ধরে বিক্ষোভকারীরা। ফলে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।



