Friday, March 6, 2026
spot_img

আমতার কুরিট গ্রামে অকাল দুর্গাপুজো

অসীম কুমার মিত্র : হাওড়া জেলার আমতার কুরিট গ্রামে দীর্ঘ ৪৭ বছর ধরে চলে আসছে অকাল দূর্গাপুজো৷ আগামী বসন্ত পঞ্চমীর পরের দিন থেকে দুর্গোৎসবের আনন্দে ভাসবে সবুজে ঘেরা এই গ্রাম৷ আলোর রোশনাইতে ঝলমল করে উঠবে গোটা এলাকা৷ বসবে মেলাও৷ সারা দেশের মানুষ যখন দুর্গাপুজোর আনন্দে মাতে, তখন এই গ্রাম থাকে অন্ধকারে৷মাঘ মাসের দুর্গাপুজোর জন্য সারা বছরভর অপেক্ষা করে থাকে কুরিটবাসী৷ এই পুজো দেখতে বহু দূর-দুরান্ত থেকে ছুটে আসে মানুষজন৷ কুরিটের ঘরে ঘরে এই ক’দিন থাকে আত্মীয়দের ভীড়৷ এখানে দুর্গোৎসবের আনন্দ শীতের জন্য তোলা থাকে৷ শুধু কি কুরিট, আশেপাশের বড়মহরা, ছোটমহরা, চাকপোতা, কোটালপাড়া থেকে কত মেঠো পথ বেয়ে কত মানুষের পা মিশে যায় কুরিটের এই আশ্রম চত্বরে৷ কুরিটের দুর্গা দশভূজা নন, নন মহিষাসুরমর্দিনীও৷ এখানে দেবী সিংহের উপর আসীন৷ তাঁর আঠারো হাত৷ গ্রামের তারাময়ী আশ্রম মহালক্ষ্মী রূপে পুজো করে৷শরতের দুর্গাপুজোর মতই সব নিয়মই এখানে অনুসরণ করা হয়৷ কলাবউ স্নান থেকে সিঁদুর খেলা – সমস্তটাই হয় নিয়ম মেনে৷ এই পুজোর অন্যতম উদ্যোক্তা উত্তম কুমার কোলে জানালেন,এবছর এই পুজো ৪৮তম বর্ষে পদার্পন করেছে। তিনি বলেন,ঋষি কাত্যায়ন আমাদের দেশে এই মহালক্ষ্মী দুর্গাপুজোর সূচনা করেছিলেন৷ কুরিট গ্রাম মূলত কৃষিপ্রধান এলাকা৷ চাষ-আবাদ ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা৷ অতীতের কোনো এক সময়ে চাষের জমিতে দেখা দিয়েছিল মন্দা৷ ফসল হত না৷ চাষীরা থাকত অনাহারে৷ খুবই চরম অবস্থায় পৌঁছে গিয়েছিল এলাকার মানুষজন৷ সে সময় এখানকার আশ্রমের তান্ত্রিক বিশ্বনাথ চক্রবর্তী চণ্ডীর বিধান দেখে এলাকার মানুষদের বিধান দেন এই অষ্টদশভূজা মহালক্ষ্মী কাত্যায়নী দুর্গা দেবীর আরাধনা করতে৷ বিশ্বনাথবাবুই এখানকার পুজো উদ্বোধন করেছিলেন৷ এই পুজোর পর থেকেই এলাকার সুদিন ফিরে আসে৷সুজলা-সুফলা-শস্যশ্যামলায় ভরে ওঠে এই গ্রাম৷ কুরিটবাসী ভোলেনি সে কথা৷ তাই অসময়ে গ্রামের একটা অন্য ধরনের পুজো৷মেতে ওঠে গোটা গ্রাম৷ পাঁচদিন ব্যাপী এই পুজোর সঙ্গে বছর পনেরো-যোল আগে যুক্ত হয়েছে ছোটখাটো একটি মেলা৷ নানা গাছের গোড়ায়-তলায়, খালের ধার ঘেঁষে ছড়িয়ে-ছিটিয়ে বসে পড়েন দোকানিরা৷ সব মিলিয়ে আনন্দের এক বাতাবরণ তৈরি হয় গ্রামজুড়ে৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles