Home Uncategorized রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে আট মাস ধরে ! প্রতিবাদে অবরোধ স্থানীয়...

রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে আট মাস ধরে ! প্রতিবাদে অবরোধ স্থানীয় বাসিন্দাদের

0

সুমন আদক, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের নিউ কোরলা বাসস্ট্যান্ড থেকে কোরলা বাজার এবং নিউ কোরলা থেকে পশ্চিমপাড়া ধূলাগোড় যাওয়ার রাস্তার হাল বেহাল। দীর্ঘ প্রায় আট মাস আগে নির্মাণের কাজ চলার জন্য রাস্তা খোঁড়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু এরপর থেকে রাস্তা আর সারানো হয়নি। সেই ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও দুর্বিষহ উঠেছে। খানাখন্দেভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাইকেল, টোটো, বাইক গর্তে উল্টে যাচ্ছে। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এরই প্রতিবাদে রবিবার সকালে ওই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা পথ অবরোধে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসনকে দ্রুত রাস্তা সারানোর ব্যবস্থা করতে হবে। স্থানীয় বাসিন্দা রাকিবউদ্দিন বলেন, ‘এই রাস্তার হাল খুবই খারাপ। এই রাস্তায় প্রতিদিন আসা যাওয়া করি। খানাখন্দভরা রাস্তা জুড়ে প্রচুর গর্ত। মানুষ বাধ্য হয়েই অবরোধ করেছেন। বাচ্চাদেরও স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, আছাড় খাচ্ছে।’ আরেক স্থানীয় বাসিন্দা সঞ্জিত জানা বলেন, ‘এই রাস্তাটায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। বর্তমানে এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। এই রাস্তাটা খোঁড়া হয়েছে প্রায় আট মাস হয়ে গেল। আপনারা যেভাবে দেখছেন সেই অবস্থায় পড়ে রয়েছে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। প্রায় চারটে গ্রাম পঞ্চায়েতের লোক এখান দিয়ে যাতায়াত করেন। আমরা ডিএম ম্যাডামকে জানিয়েছি। ডিএম ম্যাডাম সেই চিঠি জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ফরওয়ার্ড করেছেন। সেই চিঠির কপি আমাদেরও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এখানে কাজ হয়নি। এখানকার তৃণমূল বিধায়িকা, জেলা পরিষদের সহ-সভাপতি, আর ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশনের মালিক সবাই মিলে এটাকে একটা চক্রান্ত করে মানুষকে হ্যারাসমেন্ট করার পরিকল্পনা করেছে। আর কিছু নয়। সরকারের বিরুদ্ধে একটা প্রচার করাটাই হচ্ছে এদের মেইন উদ্দেশ্য। যেন সরকারের বিরুদ্ধে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাক। এটাই করা হচ্ছে। আমাদের দাবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখানকার টিএমসি মেম্বার ভোটের আগে প্রচার করেছিলেন যে যদি না টিএমসিকে ভোট দাও তাহলে এই রাস্তা কোনওদিন হবেনা। সেটাই ওরা দেখাতে চাইছে। ওরা বলতে চাইছে, টিএমসিকে ভোট দাওনি সরকার চেঞ্জ হয়ে গেছে। তাহলে অবস্থাটা দেখো কি অবস্থায় তোমরা দাঁড়িয়ে আছো।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version