Home Uncategorized মুড়িগঙ্গায় চড়ায় ধাক্কা লেগে ডুবল ছাইবোঝাই জাহাজ: মৎস্যজীবী ও পুলিশের তৎপরতায় প্রাণ...

মুড়িগঙ্গায় চড়ায় ধাক্কা লেগে ডুবল ছাইবোঝাই জাহাজ: মৎস্যজীবী ও পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল ১২ নাবিকের

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর: ​মাঝনদীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ছাইবোঝাই একটি পণ্যবাহী জাহাজ। বুধবার মুড়িগঙ্গা নদীতে চড়ায় ধাক্কা লেগে ‘এমভি তামজীদ’ নামক জাহাজটির মাঝখানে বড়সড় ছিদ্র হয়ে যায়। হু হু করে জল ঢুকতে থাকায় জাহাজটি ডুবতে শুরু করে। তবে স্থানীয় মৎস্যজীবী ও সাগর থানার পুলিশের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাহাজে থাকা ১২ জন নাবিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহাজটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী অতিক্রম করার সময় আচমকাই একটি ডুবো চড়ায় ধাক্কা লাগে জাহাজটির। সংঘর্ষের তীব্রতায় জাহাজের মাঝখানের অংশ ফেটে গিয়ে জল ঢুকতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ক্রমশ ডুবতে থাকে। বিপদগ্রস্ত জাহাজটিকে ডুবতে দেখে দ্রুত নিজেদের নৌকা নিয়ে এগিয়ে আসেন কাছেই মাছ ধরতে থাকা মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় সাগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ বাহিনী। মৎস্যজীবী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে জাহাজে থাকা ১২ জন নাবিককেই সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
​বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। ঠিক কী কারণে এই বিপত্তি—নদীতে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব ছিল নাকি যান্ত্রিক কোনো ত্রুটি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version