নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে পিপিপি মডেলের নাম করে দুই অসাধু ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার – সাংবাদিক সম্মেলনে এমনি বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় । ২২ জানুয়ারি সিউড়ি বিজেপি কার্যালয়ে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বীরভূম জেলার সদর শহর সিউড়ি । জেলার সদর শহরে মেডিকেল কলেজ হাসপাতাল হয় কিন্তু তৃণমূল সেটা সিউড়িতে না করে রামপুরহাটে করেছে । সিউড়ি মহকুমা ছাড়াও ঝাড়খন্ড রাজ্যের একটা অংশের রোগীরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল । সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল দুই অসাধু ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে রাজ্যের শাসকদল তৃণমূল । পিপিপি মডেলে ওই হাসপাতালের বেসরকারীকরণের বিরোধিতা করে এবং সিউড়িতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির সঙ্গে সম্প্রতি দেখা করেছি । রাজ্যের প্রস্তাব পেলে কেন্দ্র সিউড়িতে সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণে পূর্ণ সহযোগিতা করবে । বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে সিউড়িতে সরকারি মেডিক্যাল কলেজ হবেই । কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে হাসপাতালটি যাওয়ার হাত থেকে রক্ষা করতে বিজেপি সই সংগ্রহে নামছে । কার্যকর্তারা শিবির করে এবং বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সই সংগ্রহ করবেন । আশা করছি, সিউড়ি হাসপাতাল বেসরকারি হাতে যাওয়ার হাত থেকে বাঁচাতে আপনার সহযোগিতা পাবো ।”
