Home Uncategorized মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও মৌশুনীতে রমরমিয়ে অবৈধ বালির কারবার! মুড়িগঙ্গার চর থেকে বালি...

মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও মৌশুনীতে রমরমিয়ে অবৈধ বালির কারবার! মুড়িগঙ্গার চর থেকে বালি কেটে চলছে বিক্রি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

0

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারি সত্ত্বেও বন্ধ হচ্ছে না অবৈধ বালির কারবার। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌশুনী এলাকায় প্রকাশ্যেই চলছে বালি তোলা ও বিক্রির অভিযোগ। অভিযোগ, দিনের আলোতেই মুড়িগঙ্গা নদীর মাঝখানে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে বালি কেটে ট্রলারে করে নিয়ে আসা হচ্ছে। ‘মা বর্গভীমা’ নামের একটি ট্রলারে করে সেই বালি পরিবহণ করে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে সিপিআইএম। তাদের অভিযোগ, এই অবৈধ বালি কারবারের পিছনে কোনও অসাধু চক্রের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তির মদত থাকতে পারে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে দিনের পর দিন এমন কারবার চলছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে অবৈধ বালি উত্তোলন বন্ধ করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে সিপিআইএম।

অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা নারায়ণ পড়্যা বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। যদি কোনও ব্যক্তি অবৈধভাবে বালি তুলে থাকেন, তাহলে প্রশাসন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

এ বিষয়ে সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, “আমাদের একটু সময় দিন। অবৈধ কোনও কাজ আমাদের সরকার চলতে দেবে না। শুধুমাত্র বৈধ কাজই চলবে।”

একদিকে মুখ্যমন্ত্রীর অবৈধ বালি কারবার বন্ধের বার্তা, অন্যদিকে মৌশুনীতে প্রকাশ্যে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগ—এই দুইয়ের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রশাসন কী পদক্ষেপ করে এবং মুড়িগঙ্গার চর থেকে অবৈধ বালি উত্তোলন আদৌ বন্ধ হয় কি না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version