Home Uncategorized মদ্যপান করে রাস্তায় দাদাগিরি চলবে না, মহিলাদের অসম্মান করলে এলাকা ছাড়তে হবে:...

মদ্যপান করে রাস্তায় দাদাগিরি চলবে না, মহিলাদের অসম্মান করলে এলাকা ছাড়তে হবে: হুঁশিয়ারি মন্ত্রী উমেশ রাইয়ের

0

সুমন আদক, হাওড়া: মদ্যপান করে রাস্তায় নেমে দাদাগিরি, সাধারণ মানুষকে হেনস্থা কিংবা মহিলাদের সঙ্গে অভব্য আচরণের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে। প্রয়োজনে অভিযুক্তদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে। প্রকাশ্য সভা থেকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রাই। মন্ত্রীর বক্তব্য, কে কোথায় মদ্যপান করছেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়। বাড়িতে, ছাদে কিংবা ক্লাবে বসে কেউ মদ্যপান করলে তাতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু মদ্যপানের পর রাস্তায় নেমে অশান্তি পাকানো, গুন্ডামি করা কিংবা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে তিনি যে কোনওরকম আপস করতে নারাজ, তা স্পষ্ট করে দেন মন্ত্রী। কোনও মহিলা শ্লীলতাহানি বা অভব্য আচরণের অভিযোগ জানালে এবং তদন্তে তা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর কথায়, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করে সাধারণ মানুষের মনে ভয়ের পরিবেশ তৈরি করার অধিকার কারও নেই। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মন্ত্রীর এই কড়া বার্তা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version