নিজস্ব প্রতিনিধি : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নামখানা থানার পুলিশ। ধৃত দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নামখানার আট মাইল বাজার সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালান পুলিশকর্মীরা। সেই সময় গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। গ্রেপ্তার করা হয় কৃষ্ণা সাউ ও স্বপন সাউ নামে দু’জনকে। তাঁদের বাড়ি নামখানার শিবরামপুর এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসার উদ্দেশ্যে মেদিনীপুর থেকে গাঁজা নিয়ে নামখানায় আসছিলেন ধৃতরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নামখানার বিডিও, এসডিপিও-সহ পুলিশের একাধিক আধিকারিক।
এই মাদক কারবারের পিছনে আরও বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।।
