সুভাষ চন্দ্র দাশ, জীবনতলা : বাড়ি থেকে চুরি যাওয়া পিতল, স্টিল ও অ্যালুমিনিয়ামের নানান গৃহস্থালির বাসনপত্র সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে তাদের ধরা হয় ঘুটিয়ারি শরিফের মাখালতলার খালপাড় এলাকা থেকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মনিরুল শেখ ও জাকির লস্কর। তাদের বাড়ি দক্ষিণ মাখালতলা এলাকায়। তাদের কাছ থেকে পিতল, কাঁসা, স্টিল ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র সহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৬ অক্টোবর শ্রীনগর জমাদারপাড়ার বাসিন্দা রফিকুল জমাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, তাঁর বাড়ি থেকে একাধিক পিতল ও স্টিলের বাসনপত্র চুরি হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে এএসআই অভিজিৎ মজুমদারের নেতৃত্বে পুলিশ দক্ষিণ মাখালতলার খালপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেফতার করে।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া একাধিক পিতলের ডাবর, গামলা, বদনা, থালা, ফুলদানি,অ্যালুমিনিয়ামের হাড়ি, স্টিলের প্লেট, জগ, মগ, বাটি, এমনকি একটি ভাঙা স্ট্যান্ড ফ্যানও। সব মিলিয়ে প্রায় কয়েক ডজন গৃহস্থালির সামগ্রী উদ্ধার করে পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ করছে পুলিশ।



