সৌরভ নস্কর, কাকদ্বীপ: কাকদ্বীপ মহকুমা রক্ষা আধিকারিক (SDPO) কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত ব্যস্ত স্টাইল বাজারের সামনে মঙ্গলবার দুপুরে এক অভিনব ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হলো। জনবহুল এই বিপণীকেন্দ্রে হঠাৎ আগুন লাগার মতো জরুরি পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা কীভাবে তা মোকাবিলা করবেন, তা হাতে-কলমে দেখাতে ময়দানে নামে ‘অর্জুন বাহিনী’ ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবী দল।
বর্তমান সময়ে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি দিন দিন বাড়ছে। এই ধরনের মারাত্মক দুর্ঘটনা রোধ করতে এবং সাধারণ মানুষকে আগে থেকেই মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত রাখতে এই মক ড্রিলের আয়োজন করা হয়। মহড়ার সময় সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, ধোঁয়াভরা পরিবেশ থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং প্রাথমিক উদ্ধারকাজের বিভিন্ন কৌশল খুব নিখুঁতভাবে প্রদর্শন করা হয়। এদিনের এই সচেতনতামূলক মহড়া দেখতে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের বেশ ভিড় জমেছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বড় বড় বহুতল বা শিল্পাঞ্চলই নয়, সাধারণ শপিং মল ও বাজারের মতো জনবহুল এলাকাতেও অগ্নিকাণ্ড এড়াতে এ ধরনের মহড়া অত্যন্ত জরুরি। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন আতঙ্ক কমবে, অন্যদিকে তেমনই যেকোনো বিপদের মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়ার আত্মবিশ্বাসও অনেকটা বাড়াবে।
