সৌরভ নস্কর, গঙ্গাসাগর : গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের হরিণবাড়ি ট্যাঙ্ক পাড় থেকে বারোয়ারীতলা পর্যন্ত ১,২৫০ মিটার রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৩০০ মিটার কংক্রিট রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে শিলান্যাস পরবর্তী সভাটি।রাস্তার কাজ দেখতে এসে গ্রামের মহিলারা মন্ত্রীর কাছে তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানান। মন্ত্রী ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের খতিয়ান সমৃদ্ধ ‘উন্নয়নের পাঁচালী’ বইটি বের করেন মন্ত্রী।মন্ত্রী নিজে পাঁচালীর ছন্দ মিলিয়ে পাঠ শুরু করলে, তাঁর সঙ্গে সুর মেলান উপস্থিত গ্রামের মহিলারাও। উন্নয়নমূলক কাজের উদ্বোধনে এসে এভাবে গানের ছন্দে সরকারের সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ এলাকায় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীর কথায়, সরকারি প্রকল্পের সুবিধা যে প্রতিটি ঘরে পৌঁছেছে, এই পাঁচালী তারই প্রমাণ।



