Home Uncategorized আয়ুষ্মান দিবসে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ

আয়ুষ্মান দিবসে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ

0

অভীক মিত্র, খয়রাশোল : আয়ুষ্মান দিবস উপলক্ষ্যে ১৩ আগস্ট খয়রাসোল ব্লকের নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় । ‘টিবি মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে যক্ষ্মা রোগীদের নিয়মিত চিকিৎসা,পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় । খয়রাসোল ব্লকের অন্তর্গত ১০টি গ্রামপঞ্চায়েত এলাকার মোট ৫০জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।জেলাশাসকের তহবিল থেকে এই পুষ্টিকর খাবার বিতরণের ব্যবস্থা করা হয় । রোগীদের আভা (ABHA) হেলথ অ্যাকাউন্ট/কার্ড তৈরির উদ্যোগও নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা যক্ষ্মা রোগীদের চিকিৎসা চলাকালীন নিয়মিত ওষুধ সেবন,পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। বক্তারা বলেন, যক্ষ্মা নির্মূলের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি রোগীর পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. সৈয়দ সঞ্জয় হোসেন,স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহার প্রতিনিধি বাপী চক্রবর্তী,স্বাস্থ্যকেন্দ্রের এক্সিকিউটিভ সুমন চ্যাটার্জি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আয়ুষ্মান দিবসের এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ও যক্ষ্মা নির্মূলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অসুস্থ মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version