বালির ভোট রাজনীতিতে এবার আবাসনে প্রচার বিতর্ক, দুই প্রার্থীর অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে চাপানউতোর তুঙ্গে। বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর অভিযোগ, দলীয় কর্মীদের নিয়ে আবাসনে প্রচারে গেলে তাঁকে গেট ‘বন্ধ’ করে বাধা দেওয়া হয়। তাঁর দাবি, ওই আবাসনেরই বাসিন্দা বালির তৃণমূল প্রার্থী। আর ওনার নির্দেশেই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। এদিকে, ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁর পাল্টা দাবি, তিনি আবাসন কমিটির কোনও পদে নেই। যেকোনও প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত আবাসনে প্রচারের জন্য আগাম অনুমতির প্রয়োজন হয় যা বিজেপি প্রার্থী নেননি। উল্টে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোর করে ঢোকা এবং আগামী ৪ তারিখের পর আবাসনে ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তালা লাগানোর হুমকির অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গতঃ অনুমতি ছাড়া জোর করে প্রবেশের অভিযোগে আরও তিনটি আবাসনের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। বিজেপিও নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের আরও অভিযোগ, বৃহস্পতিবার বেলুড় থানার লিলুয়া এলাকার শেঠ পরশুরাম বাজাজ রোডের একটি বেসরকারি আবাসনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচারে গেলে সেখানে গেট বন্ধ রেখে তাঁকে প্রচারের জন্য ঢুকতে বাধা দেওয়া হয়। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ ওই আবাসনের বাসিন্দা বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁর নির্দেশেই তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়েছে। যদিও সাংবাদিকদের কৈলাশ মিশ্র বলেন, তিনি ওই আবাসনের কমিটির সম্পাদক বা সভাপতি এমন কোনও পদেও নেই। তাঁর পাল্টা অভিযোগ, ‘বিজেপি প্রার্থীর জানা উচিত ছিল কোনও প্রাইভেট প্রপার্টিতে ঢুকতে গেলে বা প্রচার করতে গেলে অনুমতি লাগে। কোনও ব্যক্তিগত বাড়িতেও দেওয়ালে প্রচার করতে বাড়ির মালিকের অনুমতি লাগে। উনি সেসব না জেনেই হয়তো গিয়েছেন। তাই তিনি ঢুকতে পারেন নি। উল্টে উনি ওই আবাসনে ও আমার বাড়িতে ৪ তারিখের পর তালা লাগানোর হুমকি দিয়েছেন।’ ভোটের মুখে এই চাপানউতোর নিয়েই সরগরম বালি।
