Home Uncategorized ‘পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নপূরণ হয়েছে।’ বললেন রাজ্যের পুর...

‘পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নপূরণ হয়েছে।’ বললেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই

0

সুমন আদক, হাওড়া: ‘পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নপূরণ হয়েছে। যে রাজনৈতিক দলের ভিত উনি তৈরি করেছিলেন সেই দল আজকে বিশ্বের বৃহত্তম সমৃদ্ধ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’ রবিবার রাতে ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতিরক্ষা কমিটি ( দক্ষিণ হাওড়া ) এর উদ্যোগে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসে এমনই দাবি করেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নপূরণ হয়েছে। যে রাজনৈতিক দলের ভিত তিনি গড়েছিলেন আজকে সেই দল বিশ্বের সব থেকে বৃহত্তম ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। কেন্দ্রের পাশাপাশি দেশের বহু রাজ্যে বিজেপির সরকার থাকলেও অতীতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মমাটিতে বিজেপি সরকার ছিলনা। কিন্তু এখন সেই মাটিতে বিজেপির পদ্ম ফুটেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।’ অন্য এক প্রশ্নের উত্তরে উমেশ রাই বলেন, ‘বিশ্ব বাংলা কনভেনশন হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম আমূল ডেয়ারি প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু হয়েছে। এছাড়াও নতুন নতুন শিল্পের শিলান্যাস হবে। রাজ্যে উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুটি আইসক্রিম ফ্যাক্টরি স্থাপনের আবেদন জানানো হয়েছে। উত্তর হাওড়ায় হুগলি ডক ছিল। এখানে শিপিং ইয়ার্ডের কাজ খুব দ্রুত শুরু করা হচ্ছে। বার্ন স্ট্যান্ডার্ড-এর বন্ধ জায়গায় রেলের বড় হাসপাতাল ও কলেজ গড়ে উঠছে। এর ফলে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।’ হাওড়ার আন্দুল রোডের অবস্থা খারাপ এবং প্রচুর যানজট ও অতিরিক্ত যান চলাচলের সমস্যা প্রসঙ্গে উমেশ রাই বলেন, ‘হাওড়ায় যানজট সমস্যা রয়েছে। জবরদখলকারী সমস্যা রয়েছে। রানীহাটির পাশ দিয়ে কলকাতার পোর্টের জন্য গঙ্গার নীচে দিয়ে একটি হাইওয়ে তৈরি করার প্রকল্প ইতিমধ্যে রেডি হয়ে গেছে। মানুষের সংখ্যা ও কর্মসংস্থান বাড়লে কিছু সাময়িক যানজট হতে পারে তবে আগামী এক-দু বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র বদলে যাবে।’ ওই অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি রক্ষা কমিটি (দক্ষিণ হাওড়া)-র কার্যকরী সভাপতি রবীন ভট্টাচার্য বলেন, ‘বিগত ২০০৮ সাল থেকে আমরা এই সংগঠনটি পরিচালনা করছি। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ, চিন্তাধারা এবং কর্মপদ্ধতি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আমরা জাতীয়তাবাদী ও সামাজিক একটি সংগঠন হিসেবে সমাজের অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছি। অনেক মানুষ রাজনীতির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সম্পর্কে জানতে চান। তাঁদের কাছে এই বার্তা ও আদর্শ পৌঁছে দেওয়াই আমাদের কাজ।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version