Home Uncategorized নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ, কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস...

নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ, কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস পঞ্চায়েত প্রধানের

0

রবীন দাস, কাকদ্বীপ: সবার অলক্ষ্যে প্রকাশ্য দিবালোকে নদীর চরের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এমনকি রাতের বেলাতেও লুকিয়ে চুরিয়ে এই মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় দিনের পর দিন এই ঘটনা ঘটছে। বিশেষ করে ভোররাতে কালনাগিনী নদীর চরের মাটি কেটে উপরে রাস্তার পাশে তুলে রাখা হয়। এরপরই সেই মাটি ভ্যানে করে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দিনের বেলাতেও এই কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, নদীর চর থেকে এভাবে মাটি কেটে বিক্রি করা হলে, আগামী দিনে পুরো গ্রামটি নোনা জলে ভেসে যেতে পারে। বর্তমান ওই চরটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাওবা বড় পুকুরের মতো আকার নিয়েছে। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। মাঝেমধ্যে এলাকায় পুলিশ এলে তখন এই কাজ বন্ধ থাকে। পুলিশ ও প্রশাসনের নজর সরে গেলেই, আবারও চর থেকে মাটি কাটার কাজ শুরু হয়। এই ঘটনার সঙ্গে কয়েকজন অসাধু ব্যক্তি জড়িয়ে রয়েছে।

স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, “নদীর চরের মাটি কোনভাবেই কাটা উচিত নয়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে। প্রয়োজনে যারা এই রকম কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনি কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version