সোমবার হাওড়ার ডোমজুড়ের জালান কমপ্লেক্সে একটি সিলিং ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ডোমজুড় থানার অন্তর্গত জালান কমপ্লেক্সের তিন নম্বর গেট সংলগ্ন ৫ নম্বর গলিতে ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। একে একে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরিভাবে নেভানো যায়নি। দমকল কর্মীদের তৎপরতায় পার্শ্ববর্তী কোনও কারখানায় আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
