সৌরভ নস্কর, গঙ্গাসাগর : পুণ্যভূমি গঙ্গাসাগরে এসে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা। আজ তিনি সশরীরে উপস্থিত হয়ে কপিল মুনির আশীর্বাদ নেন এবং দেশ ও রাজ্যের শান্তি ও মঙ্গলকামনা করেন।
এদিনের এই বিশেষ সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল, ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি নিতাই দাস, সাগর মন্ডল চারের এর সভাপতি এবং অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাসাগরে পৌঁছানোর পর দলীয় নেতৃত্ব তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি আশ্রম চত্বর ও সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। একই সঙ্গে, স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গেও আলাপ-আলোচনায় অংশ নেন তিনি।
এই হাই-প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের সাগরে আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। পুজো পাঠ ও সমস্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর অতিথিরা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
