দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: পুকুর সংস্কারকাজ চলাকালীন মাটির নীচ থেকে উদ্ধার হল প্রাচীন বিষ্ণু মূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্ভুক্ত দুর্গাপুরের বড়র গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রামের ভেবারপাড় এলাকার একটি পুকুর সংস্কারের জন্য মেশিনে মাটি কাটার কাজ চলছিল। একসময় সেই মেশিনের ফলায় মাটির নীচ থেকে ধূসর পাথরের তৈরি একটি ফুট দুয়েকের বিষ্ণু মূর্তি উঠে আসে। তারপর মূর্তিটিকে পরিষ্কার করে এলাকার একটি মন্দিরে রাখা হয়। শুক্রবার সকালে পুলিশ ওই মূর্তিটিকে মন্দির থেকে থানায় নিয়ে আসে। এপ্রসঙ্গে গবেষণাধর্মী বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ক দপ্তরকে জানানো হয়েছে। তবে, একাধিক সূত্র মারফত জানা গিয়েছে মূর্তিটি প্রায় সাত শতাধিক বছরের পুরনো হতে পারে।
