সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : কিস্তির টাকা আদায় করতে গিয়ে ভর সন্ধেয় বাড়িতে চড়াও হয়ে কৌশল্যা মাঝি নামে বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বন্ধন ব্যাঙ্কের এক অফিসারের বিরুদ্ধে।বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা অন্তর্গত বড়িয়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, বড়িয়া এলাকার জয়ন্তী মাহাতো(মাঝি) কিছুদিন আগে বন্ধন থেকে ৩০ হাজার টাকা লোন নিয়েছিলেন। লোনের শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে ৭২০ টাকা করে কিস্তি দেওয়ার কথা ছিল।মহিলার দাবী ইতিমধ্যেই ২০টি কিস্তি দিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা তিনি শোধ করে দিয়েছেন।
ওই মহিলার স্বামী কৃষ্ণ মাহাতো কাজের সূত্রে মহারাষ্ট্রের মুম্বাইতে থাকেন। বাড়িতে মহিলা ও তাঁর বৃদ্ধা মা থাকেন। এদিন সন্ধ্যায় আচমকা বন্ধন অফিসার ওই বাড়িতে হাজির হন।
পরিবারের অভিযোগ, বাড়িতে ঢুকেই ওই অফিসার টাকা-পয়সা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করেন। কিস্তির টাকা নিয়ে বচসা বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই অফিসার প্রথমে মহিলার বৃদ্ধা মায়ের সঙ্গে গন্ডগোল শুরু করেন এবং পরে তাঁকে বেধড়ক মারধর করেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, বৃদ্ধার মাথা ঘরের দেওয়ালের গায়ে ঠুকে দেওয়া হয়। জিভে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে। মারধরের পর বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত অফিসার ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ।
ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই বৃদ্ধা গুরুতর জখম অবস্থায় বাড়িতে পড়েছিলেন। পরে স্থানীয়রা খবর পান। তাঁরা ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে ভর সন্ধ্যায় এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের প্রশ্ন, কিস্তির টাকা আদায়ের জন্য কি এভাবে একজন বৃদ্ধার গায়ে হাত তোলা যায়? লোন আদায়ের কি কোনও নিয়ম নেই?
উপভোক্তা জয়ন্তী মাহাতো(মাঝি) বলেন, “২০টা কিস্তি দেওয়া হয়ে গেছে। তারপরেও বাড়িতে এসে তার বৃদ্ধা মাকে এভাবে মারা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এর বিচার চাই।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “বন্ধনের লোকেরা প্রায়ই কিস্তির জন্য চাপ দেয়। বাড়িতে এসে অপমান করে। কিন্তু এতটা বাড়াবাড়ি আগে কখনও দেখিনি।”
এই ঘটনা নিয়ে অভিযুক্ত বন্ধন অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও সদুত্তর মেলেনি বলে জানা গিয়েছে।
আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা এই ঘটনার বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
অন্যদিকে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলির কিস্তি আদায়ের পদ্ধতি নিয়ে। নিয়ম অনুযায়ী, কিস্তি আদায়ের সময় গ্রাহকের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার করা যাবে না। বাড়িতে গিয়ে ভয় দেখানো বা মারধর করা সম্পূর্ণ বেআইনি। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
