Home Uncategorized বিশ্বের মেয়র ও নগর পরিকল্পনাবিদদের মঞ্চে বাংলার নগর উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন...

বিশ্বের মেয়র ও নগর পরিকল্পনাবিদদের মঞ্চে বাংলার নগর উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন উমেশ রাই, AI-এর ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, নদীতীর উন্নয়ন ও স্বনির্ভর নগর অর্থনীতিতে জোর; ১০০ বছরের ভবিষ্যৎ মাথায় রেখে শহর গড়ার বার্তা

0

সুমন আদক, হাওড়া: আন্তর্জাতিক নগর উন্নয়নের মঞ্চে পশ্চিমবঙ্গের নগরায়ণের ভাবনা তুলে ধরলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। মুম্বইয়ে AIILSG-এর উদ্যোগে আয়োজিত তৃতীয় World Mayors’ Forum-এ পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আধুনিক নগর পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নদীতীর উন্নয়ন এবং স্বনির্ভর নগর অর্থনীতি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের মেয়র ও নগর পরিকল্পনাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলার নগর উন্নয়নের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে উমেশ রাই জানান, শহরকে শুধু বর্তমানের চাহিদা মেটানোর মতো করে গড়ে তুললেই হবে না, আগামী প্রজন্মের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। AIILSG-এর শতবর্ষের গৌরবময় যাত্রাকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তোখন সাহু এবং মুম্বইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর প্রতিমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক স্তরের মেয়র ও নগর পরিকল্পনাবিদদের সঙ্গে নগর পরিচালনা, নাগরিক পরিষেবা এবং ভবিষ্যৎ শহর গড়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের সুযোগ হয় তাঁর। বক্তব্যে নগর পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার, বর্জ্য উৎসস্থলেই পৃথকীকরণ, নদীতীরের পরিকল্পিত উন্নয়ন এবং শহরের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলিকে গুরুত্ব দেন উমেশ রাই। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নত ও আত্মনির্ভর ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও আধুনিক নগর পরিকাঠামো, দক্ষ নাগরিক পরিষেবা এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে সরকার কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের নগর উন্নয়নের ক্ষেত্রে এই আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলিকে কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। উমেশ রাইয়ের কথায়, শহর কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, আগামী প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও বিকাশের ভিত্তি। তাই আজকের নগর পরিকল্পনা আগামী ১০০ বছরের শহরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেই লক্ষ্যেই আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং আত্মনির্ভর নগর অর্থনীতির সমন্বয়ে ভবিষ্যৎ-প্রস্তুত শহর গড়ে তোলার ভাবনা সামনে রাখলেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version