অভীক মিত্র,সিউড়ি: “শিক্ষার আলো পৌঁছে যাক প্রতিটি ঘরে — গড়ে উঠুক উজ্জ্বল আগামী” – এই কথাকে সামনে রেখে ১৩ আগস্ট ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ কোচিং উদ্বোধন হলো । সাইথিয়া বিধানসভাকেন্দ্রের বিধায়ক কৃষ্ণকান্ত সাহার মহতি উদ্যোগ ও সহযোগিতায় পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শুরু হলো এই বিশেষ শিক্ষামূলক উদ্যোগ । থাকবে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক প্রস্তুতি, মডেল টেস্ট এবং পরীক্ষামুখী বিশেষ দিকনির্দেশনা । বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ সমরেশ ঘোষ,এলাকার সমাজসেবী উৎপলহরি মণ্ডল,পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু আচার্য সহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আনন্দ ও উৎসাহ ।
