বিশাল দাস, বীরভূম, শান্তিনিকেতন : পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক নতুন তথ্য। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উদ্ধারের পর মিনার মণ্ডল-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও টুলু মণ্ডল অধরা। তদন্তকারীদের অনুমান, এই আর্থিক লেনদেনের জাল আরও বহু দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেই সূত্রেই এবার শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের পিছনে সরকারডাঙা এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালাল পুলিশ।
রবিবার গভীর রাতে এসডিপিও (বোলপুর) অর্পিত আর পারাখের নেতৃত্বে মহম্মদবাজার ও শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ওই বাড়িতে হানা দেয়। শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির প্রতিটি ঘর, আলমারি থেকে শুরু করে ছাদ ও বাগান—কোনও অংশই বাদ যায়নি। পাশাপাশি শৌচাগার এবং গাড়ির গ্যারেজেও তল্লাশি চালান তদন্তকারীরা। রবিবার রাত থেকে সোমবার বেলা পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে চলে এই অভিযান।
পুলিশ সূত্রে খবর, সোনাঝুরি জঙ্গলের পিছনের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তিন ব্যক্তি আশ্রয় নিয়েছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি তদন্তকারীদের। এরপরই তিনজনকে আটক করা হয়। বাড়ির ভিতর থেকে একটি ব্যাগ এবং বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলেও সূত্রের দাবি। পাশাপাশি বাড়ির সামনে থেকে একটি দামি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে।
ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলত বলেও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অভিযানের পর আরও একটি বিষয় তদন্তকারীদের নজরে এসেছে। বাড়িতে ঢোকার মুখের ঠিক উল্টো দিকে একটি ঘেরা জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি বিলাসবহুল গাড়ির খোঁজ মিলেছে। সূত্রের দাবি, গাড়িটি টুলু মণ্ডলের বড় শ্যালক সামসুল আলম ওরফে মিন্টুর। সরকারি নথিতেও গাড়িটি সামসুল আলমের নামেই রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে টুলুর শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের এসটিএফের তল্লাশি অভিযানের সময় সামসুল আলম সেখানে উপস্থিত ছিলেন না। সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছিল। পাড়ুই এলাকায় সামসুলের বিপুল পরিমাণ পাথরের স্ট্যাকের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টুলু মণ্ডলের প্রভাবেই তাঁর ব্যবসার দ্রুত প্রসার ঘটেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
সামসুলের পাথর ব্যবসার সঙ্গে টুলু মণ্ডলের কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। এরই মধ্যে টুলু-ঘনিষ্ঠদের খোঁজে তল্লাশি চালানো বাড়ির সামনে সামসুলের নামে থাকা বিলাসবহুল গাড়ির সন্ধান মেলায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। গোটা ঘটনায় আরও কোনও ব্যক্তি বা আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
