Home Uncategorized জায়ান্ট ওয়াটার লিলির পাতায় চেপে জলে ভাসার রোমাঞ্চ, বোটানিক্যাল গার্ডেনে ‘লিলি রাইডস’

জায়ান্ট ওয়াটার লিলির পাতায় চেপে জলে ভাসার রোমাঞ্চ, বোটানিক্যাল গার্ডেনে ‘লিলি রাইডস’

0

নিজস্ব প্রতিনিধি : জলের উপর বিশালাকার জায়ান্ট ওয়াটার লিলির পাতায় বসে ভেসে থাকার রোমাঞ্চ। পর্যটকদের সেই অভিজ্ঞতা দিতেই হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে চালু হচ্ছে ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইডস’। দেশের মধ্যে এমন উদ্যোগ প্রথম বলে দাবি উদ্যান কর্তৃপক্ষের। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে অনেকেই এই রাইডে চড়ছেন। জলজ উদ্ভিদের মধ্যে অন্যতম বৃহৎ এই জায়ান্ট ওয়াটার লিলির বৈজ্ঞানিক নাম ‘ভিক্টোরিয়া আমাজনিকা’।

দক্ষিণ আমেরিকার এই উদ্ভিদ ১৮৫০ সালে বৈজ্ঞানিক রবার্ট স্কট শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসেন সংরক্ষণ ও গবেষণার জন্য। ২০২০ সালে আমফানের দাপটে উদ্ভিদটির ক্ষতি হলেও পরে উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে সংরক্ষণ ও গবেষণার কাজ শুরু হয়। উদ্যানের বিজ্ঞানী ডঃ আর সরভাননের কথায়, অধিকর্তা কণাদ দাস ও গার্ডেন ইনচার্জ মানস ভৌমিকের উদ্যোগে এবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই বিশেষ রাইড। প্রায় চার ফুট ব্যাসের জীবন্ত পাতার নীচে হালকা থার্মোকলের সাপোর্ট দিয়ে পর্যটকদের বসানো হচ্ছে। প্রায় ৯০ কেজি ওজন পর্যন্ত মানুষ এই পাতায় বসে জলে ভেসে থাকার অভিজ্ঞতা নিতে পারেন।

উদ্যান কর্তৃপক্ষ সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় আড়াইশো পর্যটক এই রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করেছেন। আগামী দিনে ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইডস’ আরও জনপ্রিয় করে তুলতে উদ্যোগী উদ্যান কর্তৃপক্ষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version