নিজস্ব প্রতিনিধি : শীত, গ্ৰীষ্ম,বর্ষা – ছাউনিবিহীন ফুট ওভারব্রীজ ভরসা – এইকথাটাই যেন সমার্থক হয়ে উঠেছে আসানসোল ডিভিশনের দুবরাজপুর স্টেশনের ক্ষেত্রে । অন্ডাল-সাঁইথিয়া রেলপথের অন্তগর্ত দুবরাজপুর স্টেশন । অন্ডাল-সাইথিয়া মেমু প্যাসেঞ্জার,অন্ডাল-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার ছাড়াও দেওঘর-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস এবং রাঁচি -ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দুবরাজপুর স্টেশনে আছে । প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে দুবরাজপুর স্টেশনের মাধ্যমে । দুবরাজপুর পৌরসভা এলাকার বাসিন্দা ছাড়াও দুবরাজপুর ব্লকের লোবা, হেতমপুর,গোহালিয়াড়া, যশপুর গ্ৰামপঞ্চায়েতের অন্তগর্ত গ্ৰামগুলো সহ বহু এলাকার বাসিন্দারাও এই স্টেশনের উপর নির্ভরশীল । দুবরাজপুর স্টেশনে নেমে বহু ভক্ত বক্রেশ্বর মন্দিরে যান । দুবরাজপুর স্টেশনের একনং প্ল্যাটফর্ম থেকে দুই ও তিননং প্ল্যাটফর্ম এমনকি বাইরে যাওয়ার জন্য ভরসা একটিমাত্র ফুট ওভারব্রীজ কিন্তু সেই ফুট ওভারব্রীজের মাথায় কোনো ছাউনি নেই । ফলে গরমে তীব্র রোদ,বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয় ফুট ওভারব্রীজ দিয়ে । প্রচন্ড সমস্যায় পড়ে যাত্রীরা ।
